শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১০২তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১০২তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল সবুজবাগ টমটম স্ট্যান্ডে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে দুই ঘণ্টাব্যাপী শতাধিক নারী ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরীক্ষার পরপরই অংশগ্রহণকারীদের তাৎক্ষণিকভাবে ফলাফল জানিয়ে দেওয়া হয়।
ক্যাম্পেইনে টেকনিশিয়ান হিসেবে উপস্থিত থেকে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে অংশ নেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, কার্যকরী সদস্য জাহেদ হাসান, আরিয়ান আহমেদ লতিফ, মোঃ রাকিব ও মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম বলেন, “মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সংগ্রহ করা সম্ভব হয়।” তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।