নরসিংদী সংবাদদাতা, মোঃ কামাল হোসেন
নরসিংদীর শিবপুরে রবিবার ভোর সাড়ে ৩টার দিকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মুভি বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে বাছুর গরু চুরি করার সময় স্থানীয় জনতা চোরদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। পরে পুলিশ তিনজনকে প্রাইভেট কারসহ গ্রেফতার করে শিবপুর মডেল থানায় সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ারের বাড়িতে। স্থানীয়রা জানান, ভোররাতে চোরেরা বাছুর গরু চুরি করে পালানোর সময় প্রতিবেশীরা তাদের ধরেন এবং গণধোলাই দেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
মোঃ শাহ আলম শাহ (৩২), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার বাসিন্দা
মোঃ সামসুল ইসলাম (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা
ইউসুফ মিয়া সোহাগ (৩৫), একই গ্রামের কালাগাজী বাড়ীর বাসিন্দা
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “গরু চুরি করতে গেলে স্থানীয়রা চোরদের হাতে-নাতে ধরে গণধোলাই দিয়েছে। পরে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।”
মামলার নং: ২, তারিখ: ১ মার্চ ২০২৬।