মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর (গুপ্তপাড়া) এলাকায়, সুলতানা ফিলিং স্টেশনের সামনে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত “ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মে”। আগুনে চারটি গোডাউন, টিনশেড বিল্ডিংয়ের তিনটি বসতঘর এবং বিপুল পরিমাণ প্লাস্টিকজাত মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, রবিবার (৩১ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ করেই গোডাউনগুলোতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা আতঙ্কে ছেঁয়ে যায়। স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক মোস্তফা মিয়া জানান, তার ভাই ভাই প্লাস্টিক ফার্মের সব মালামাল, কাঁচামাল ও বসতঘরের আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তিনি আরও দাবি করেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। তাই তিনি সন্দেহ করছেন, তৃতীয় কোনো পক্ষ পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে।
স্থানীয় সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত করেন। জানা গেছে, ব্যাংক লোন নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসাটি গড়ে তোলা হয়েছিল, যা এক মুহূর্তে শেষ হয়ে গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পাশাপাশি ১৫ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানা গেছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।