মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সম্প্রতি শিবপুর উপজেলার বানিয়াদী এলাকায় পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিবপুর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় আসন্ন ধর্মীয় উৎসবগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন কুমার দত্ত।
সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডা. মনিন্দ্র চন্দ্র বর্মন, সহসভাপতি কার্তিক চন্দ্র বর্মন, উপদেষ্টা ডা. শংকর চন্দ্র পাল, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ চন্দ্র বর্মন এবং সহসভাপতি উজ্জ্বল চন্দ্র দেবনাথ ও কেশব চন্দ্র দে।
এ ছাড়া বক্তব্য দেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি ও কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ রনি, কোষাধ্যক্ষ দিলীপ ঘোষ, প্রচার সম্পাদক প্রহ্লাদ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চন্দ্র দাশ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য নারায়ণ মনি দাশ।
মতবিনিময় সভায় শিবপুর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা আসন্ন উৎসবগুলোতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৬ এবং ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভা শেষে মানবিক উদ্যোগও নেওয়া হয়। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পূর্ণা চক্রবর্তীর সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। পাশাপাশি তার চিকিৎসার জন্য পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। তাই সবাইকে সঙ্গে নিয়ে উৎসবগুলো সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা হবে।