জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
শাপলা চত্বর বিচার দাবি ও বিভিন্ন সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) বিকেলে জেলার কান্দিপাড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জানান, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত সত্য ও নিহতদের সঠিক সংখ্যা এখনো জাতির সামনে প্রকাশ করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও এই ঘটনার বিচার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনারও নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন তারা।
বিকেল সাড়ে ৪টার দিকে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক—কালিবাড়ি মোড়, টি এ রোড, ফকিরাপুল ও সদর হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শাপলা চত্বর বিচার দাবি জানিয়ে স্লোগান দেন।
মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমী। প্রধান অতিথি ছিলেন মুফতি মারুফ কাসেমী।
সমাবেশে বক্তারা বলেন, শাপলা চত্বর ঘটনা এবং পরবর্তী সহিংস ঘটনাগুলোর সঠিক তদন্ত না হওয়ায় জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অস্থিরতা বাড়বে।
বক্তারা আরও বলেন, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে সব ঘটনার সত্য উদঘাটন করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।