কামরুল হাসান সুজন, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার হাওর অঞ্চলের দুর্গম পথে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন পথশিশু নিকেতন ফাউন্ডেশন। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে সংগঠনটি বিনামূল্যে নৌকা সার্ভিস চালু করেছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার সন্তোষ এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ নৌকা সার্ভিসের উদ্বোধন করা হয়। বর্ষাকালে হাওর অঞ্চলে যোগাযোগব্যবস্থা কঠিন হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তাদের এই দুর্ভোগ কমাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নিপুন রায়। বক্তব্যে তিনি বলেন, বর্ষাকালে হাওর অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এই পরিস্থিতিতে পথশিশু নিকেতন ফাউন্ডেশন-এর বিনামূল্যে নৌকা উপহার ও সার্ভিস চালুর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী শাহীন উদ্দিন আহমেদ, সন্তোষপুর ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ রফিকুল ইসলাম এবং গ্রাম আদালতের সমন্বয়ক মো. আলমগীর হোসেন।
পথশিশু নিকেতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ নাজিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জেবুন্নেছা ও সাধারণ সম্পাদক আশিষ দাস।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্ষা মৌসুমে হাওর এলাকার যোগাযোগব্যবস্থা অনেকটাই প্রতিকূল হয়ে পড়ে। এতে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় এবং তারা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সেই লক্ষ্যেই লাখাইয়ে নৌকা সার্ভিস চালু করা হয়েছে।
এই সেবার মাধ্যমে হাওর এলাকার শিক্ষার্থীরা বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াতে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করছেন স্থানীয়রা। বিশেষ করে দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের এই নৌকা সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পথশিশু নিকেতন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে নেওয়া এই উদ্যোগের জন্য সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।