রাঙ্গামাটি পার্বত্য জেলার সড়ক পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ায় নতুন এক যুগের সূচনা হয়েছে। জেলার পরিবহন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে চালু করা হয়েছে অনলাইন ভিত্তিক ডিজিটাল বাস টার্মিনাল ডাটাবেস এবং সিএনজি থ্রি-হুইলারের কেন্দ্রীয় তথ্যভান্ডার। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটি ট্রাফিক সচেতনতা কর্মসূচি-২০২৬ বিষয়ক আলোচনা সভা।
শনিবার (১৬ মে) শহরের লেক ভিউ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবহন খাতের বিভিন্ন অংশীজন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার এই উদ্যোগ জনসাধারণের ভোগান্তি কমাবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী বলেন, ডিজিটাল বাস টার্মিনাল ডাটাবেস ব্যবহারের ফলে প্রতিটি যানবাহনের তথ্য সহজে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর ফলে যানবাহনের তথ্য একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত থাকবে। ফলে চুরি, ছিনতাই, মাদক পরিবহনসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত যানবাহন দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, রাঙ্গামাটি ট্রাফিক সচেতনতা কর্মসূচি শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে পরিবহন মালিক সমিতি, শ্রমিক প্রতিনিধি, সিএনজি চালক, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মনে করেন, এই ডিজিটাল উদ্যোগ রাঙ্গামাটির পরিবহন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপত্তা বাড়াবে।