মোঃ দুলাল সরকার | গজারিয়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গজারিয়া উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে উপজেলার বাউশিয়া ইউনিয়নের জনপ্রিয় রেস্টুরেন্ট পার্টি সেন্টারের মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মাঠ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ জনসভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, কামরুজ্জামান রতন এমপি নির্বাচিত হলে আগামী এক বছরের মধ্যেই মুন্সীগঞ্জ জেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হবে। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডই হবে আগামী দিনে জনগণের কাছে যাওয়ার মূল শক্তি, তখন আর পাঁচ বছর পর ভোট চাইতে যেতে হবে না—উন্নয়নই তাকে পুনরায় নির্বাচিত করবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, মজিবর দেওয়ান, অধ্যাপক এ কে এম এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, শহর বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।