মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে একটি মুদি দোকান থেকে সিগারেট ও নগদ টাকা চুরির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া প্রায় ৭০ হাজার টাকা মূল্যের সিগারেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চোর চক্রের অন্যতম সদস্য জাহাঙ্গীর ওরফে ‘আবুল ডাক্তার’।
ঘটনাটি ঘটে গত রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে মুন্সিগঞ্জ সদর থানাধীন পূর্ণিমা ফিলিং স্টেশন সংলগ্ন ‘আজম স্টোর’ নামের একটি মুদি দোকানে।
ভুক্তভোগী দোকানদারের অভিযোগ অনুযায়ী, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে ১০ হাজার টাকা ও তিন বস্তা সিগারেট চুরি করে নিয়ে যায়।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা-পুলিশের একটি বিশেষ দল তদন্ত ও অভিযানে নামে।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হাসান (২১), শাহজাহান গাজী (৪০) ও জাহাঙ্গীর ওরফে আবুল ডাক্তার (৪৬)।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালির পাথর এলাকায় শাহজাহান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৬৯ হাজার ৫৮৫ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।