ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠানের তথ্য পরিবেশনায় দায়িত্বশীলতা ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয়” শীর্ষক এ সেমিনারটি ২২ জুন সোমবার বিকেলে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের পরিচালক (উপসচিব) ড. মুহাম্মদ মফিজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার করা হলে তা দ্রুত গুজবে রূপ নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি, ভিডিও ও তথ্য তৈরি হওয়ায় সতর্কতা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানো এবং তথ্যের উৎস যাচাই করা এখন সময়ের দাবি।
জেলা তথ্য অফিসের পরিচালক তাঁর বক্তব্যে বলেন, গুজব প্রতিরোধে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রচার করা উচিত নয়। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, তথ্যের ঘাটতি থেকেই বেশিরভাগ গুজবের জন্ম নেয়। তাই দ্রুত ও নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জনগণের মধ্যে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার বলেন, কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক মাধ্যমে শেয়ার করা উচিত নয়। এতে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি সরকারি দপ্তরগুলোতে নির্ধারিত মুখপাত্রের মাধ্যমে তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে বক্তারা মনে করেন, গুজব প্রতিরোধ সেমিনার ময়মনসিংহ এর মতো উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সরকারি দপ্তর, গণমাধ্যম ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।