বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন গাজীপুর-৩ স্বতন্ত্র প্রার্থী
মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
প্রচারণার অংশ হিসেবে তিনি ঘোড়া প্রতীক নিয়ে শ্রীপুরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তার বিভিন্ন দোকান ও বিপণিবিতান পরিদর্শন করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া কামনা করেন।
আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে আমি ভোটারদের কাছে পৌঁছে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চাই।” তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মতামত প্রকাশ করেন।
উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা শুরু করা বিষয়টি নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।