নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কম্বল বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেও কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায়, বীর মুক্তিযোদ্ধার সন্তান, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নুর আলম আকন্দ নিজ অর্থায়নে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
চলমান তীব্র শীতের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণকালে তিনি বলেন,
“আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। প্রশাসনিকভাবে আবেদন করেও সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়েছি, তবে মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি।”
স্থানীয় উপকারভোগীরা জানান, সরকারি সহায়তা না থাকলেও এমন মানবিক উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা শীতকালীন দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে আরও কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ নুর আলম আকন্দ দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অসহায় মানুষের অধিকার আদায় ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।