মোঃ কামাল হোসেন প্রধান শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর–৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মনজুর এলাহীর ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া বাজারে আয়োজিত এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গণজোয়ার সৃষ্টি হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,
“আমি হাজী আবেদ আলীর সন্তান হিসেবে আপনাদের সামনে দুই হাত পেতে মনজুর এলাহীর জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই। মনজুর এলাহী সাহেব তার সাধ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আত্মীয়-স্বজনদের কাছেও ভোট চাইবেন।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন,
“আমি এক বছর চার মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। পুটিয়া ইউনিয়নে কী পরিমাণ উন্নয়ন হয়েছে, আপনারাই তার সাক্ষী। মনজুর এলাহী ভাই এমপি হলে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে। তিনি আমাদের ঘরের মানুষ, আমাদের ভাই। আসুন দল-মত নির্বিশেষে আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করি—ইনশাল্লাহ।”
বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকের শুরুতে পুটিয়া বাজার জামে মসজিদের হাফেজ কামরুল হাসান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ বাচ্চু মিয়া ও শাহিন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল জলিল মেম্বার, হানিফ মাহমুদ, সোহরাব হোসেনসহ দল-মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটাররা ধানের শীষ মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।