মো. আরফান আলী:
ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলা–এর ভুল্লী থানাধীন ১৮নং ইউনিয়নের সুকানপুকুরী গ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) পরিচালিত এক বিশেষ অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ লাল মিয়া (৬০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।
সূত্র জানায়, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন হতে পারে এবং এটি একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের মাধ্যমে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, দেশের ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষায় তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের মতো রাষ্ট্রবিরোধী অপরাধের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে কঠোর অবস্থান বহাল থাকবে।
উল্লেখ্য, র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।