চট্টগ্রাম নগরীর বাসাবাড়ি থেকে ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়রের নির্দেশে গত মার্চ মাস থেকেই বেসরকারি ভেন্ডরদের মাধ্যমে বর্জ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হয়েছে। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে ময়লা সংগ্রহের জন্য কোনো তৃতীয় পক্ষ বা ভেন্ডরকে টাকা দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ৯ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশ অনুযায়ী এখন থেকে চসিকের নিজস্ব পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরাই সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন। এতে নাগরিকদের অতিরিক্ত খরচ কমবে এবং সেবা আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
তবে সাম্প্রতিক সময়ে অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কাজ সম্পূর্ণ অবৈধ। নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যদি কেউ জোর করে বা প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করে, তাহলে দ্রুত চসিককে জানাতে বলা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অভিযোগ জানাতে নির্দিষ্ট কয়েকটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।
অন্যদিকে, নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, বাস্তবে এখনো অনেক জায়গায় আগের মতো টাকা আদায় করা হচ্ছে। কিছু ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীরা টাকা না দিলে ময়লা সংগ্রহ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত ও ভোগান্তির শিকার হচ্ছেন।
নগরবাসীর প্রত্যাশা, মেয়রের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন হবে এবং সবাই বিনামূল্যে এই সেবা পাবেন। একই সঙ্গে চসিক ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি’ গড়ার লক্ষ্যে সবাইকে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছে।