এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আল-কুরআনের সূরা মাউনে এতিমকে গলা ধাক্কা দেওয়া এবং মিসকিনের অন্ন যোগানে অনুৎসাহিত করাকে আখিরাত অস্বীকারকারীর দুশ্চরিত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, সূরা কুরাইশে অন্ন সংস্থান ও নিরাপত্তা বিধানকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এতিমদের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ, তাদের অধিকার রক্ষা ও লালন-পালন করা আমাদের ঈমানি দায়িত্ব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মাহে রমাদানের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে আয়োজিত এতিমদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, আল-হাদীসের শিক্ষানুযায়ী এতিমদের সাহায্যকারী আল্লাহর পথে জিহাদকারীর সমতুল্য এবং এতিম প্রতিপালনকারী জান্নাতে নবী করিম (সা.)-এর সঙ্গে তর্জনী ও মধ্যমা আঙুলের মতো নিকটবর্তী অবস্থানে থাকবেন। এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা, তাদের সঙ্গে কঠোর আচরণ, অবজ্ঞা বা অযত্ন করা পরকালে শাস্তির কারণ হবে। তাই তাদের প্রতি সহানুভূতি, ভালোবাসা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, বিআইএ জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ ও মাওলানা আবুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বিআইএ জামে মসজিদের মুয়াজ্জিন মিরাজুল ইসলাম প্রমুখঃ।