মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ
পবিত্র রমজান মাসে অভাবী মানুষের পাশে দাঁড়াতে এবং সামাজিক বৈষম্য দূর করে রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও সেহরির আয়োজন করেছে।
এ উপলক্ষে নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সজ্জিত করা হয়েছে। সেখানে সুবিশাল প্যান্ডেলে একসঙ্গে হাজার মানুষের বসে ইফতার করার জন্য টেবিল-চেয়ারের সুব্যবস্থা রাখা হয়েছে। পুরো আয়োজনটি দেখলে রাষ্ট্রীয় কোনো ভিআইপি অনুষ্ঠানের কথা মনে হলেও, বাস্তবে এটি ছিন্নমূল ও অভাবী রোজাদারদের জন্য নিবেদিত এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
প্রতিদিন আমন্ত্রিত অভাবী মানুষদের ইফতার ও সেহরি করানো হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সুযোগ থাকবে অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে একই মেন্যু ভাগ করে নেওয়ার—যা সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের অধিকাংশ মানুষ নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন। অনেকের কাছে তিনবেলা পেটভরে খাওয়াই বড় চ্যালেঞ্জ। রমজান এলে সেই দুশ্চিন্তা আরও বাড়ে। কেউ কেউ শুকনো মুড়ি ও পানি দিয়ে ইফতার করেন, আবার অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবারও মানসম্মত ইফতার ও সেহরির ব্যবস্থা করতে পারেন না। তাদের কথা বিবেচনায় নিয়েই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরি করানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
এই কর্মসূচির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ধাপে ধাপে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ আয়োজনে সম্পৃক্ত করা হবে।
এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, “ইফতারের মাধ্যমে শুধু রোজা ভাঙাই নয়, সামাজিক বৈষম্যও ভাঙার লক্ষ্যেই আমরা এমন আয়োজন করি। সমাজের বিত্তবান ও সাদা মনের মানুষদের আমরা এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাই।”
তিনি আরও জানান, এবছর সারাদেশে প্রায় ৩ লাখ মানুষের জন্য ইফতার ও সেহরির আয়োজন করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুড়িগ্রাম-এ এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রমজানের এ মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।