এনামুল হক রাশেদী | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় নিরাপদ, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই জনসভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য শুরু করে তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে আন্তরিক সংযোগ স্থাপন করেন।
মঞ্চে উঠে তিনি বলেন, “অনারা ক্যান আছন?” — জবাবে উপস্থিত হাজারো নেতাকর্মী একযোগে বলেন, “ভালা আছি।”
চট্টগ্রামের সঙ্গে আবেগী সম্পর্কের কথা স্মরণ
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,
“আজ আমরা সবাই একটি পরিবর্তনের লক্ষ্যে একত্রিত হয়েছি। এই চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শাহাদাতবরণ করেছেন। এই চট্টগ্রামের সঙ্গে আমার ও আমার পরিবারের আবেগী সম্পর্ক রয়েছে।”
আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
তিনি বলেন,
“যত উন্নয়ন পরিকল্পনাই নেওয়া হোক না কেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমন ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। বিএনপি অতীতে এই দুই ক্ষেত্রে সফলতার প্রমাণ দিয়েছে।”
তারেক রহমান আরও বলেন,
“বিএনপি সরকার গঠন করতে পারলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমান।”
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা
বিএনপি চেয়ারম্যান ঘোষণা দেন,
“আগামী নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এখান থেকেই দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে।”
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যদিও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পরিকল্পনার সূচনা করেছিলেন।
শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পরিকল্পনা
তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি—
শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করবে
গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ হেলথ কেয়ার সেন্টার স্থাপন করবে
নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে
কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করবে, যাতে সহজে ঋণ সুবিধা পাওয়া যায়
জলাবদ্ধতা নিরসন ও ইপিজেড সম্প্রসারণের প্রতিশ্রুতি
তিনি বলেন,
চট্টগ্রামসহ সারাদেশে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে এবং শিল্পায়নের জন্য ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ-এর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমান-এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন—
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
সালাহউদ্দিন আহমদ
ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন
যুবদল সভাপতি মোনায়েম মুন্না
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন
সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
১৬ আসনের প্রার্থী পরিচয় ও ভোটের আহ্বান
তারেক রহমান চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।
তিনি বলেন,
“গত ১৫ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের ভোট ও সমর্থন প্রয়োজন।”