গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ ভুয়া সাংবাদিক ও ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণা ও নানা অপরাধে জড়িত একটি সশস্ত্র চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।
শনিবার (২৪ জানুয়ারি) গাজীপুর সদর থানাধীন চাকুলিয়া এলাকায় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত টিনের ছাপরা ঘরে অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে হ্যান্ডকাফের জোড়া, ডিবি পুলিশের কুটি, লেজার লাইট, ক্যামেরা, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ‘মাতৃবাংলা’ নামের ভুয়া অনলাইন পোর্টালের আইডি কার্ড এবং মাউথ স্পিকার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রোমান হোসেন শুভ (২৭), শাহিন আলম (৪০), মো: ইউসুফ আলী (৩৬), মো: সাইফুল ইসমাইল (৩৬) ও মো: কবির হোসেন (৩০)। পুলিশ জানায়, শাহিন আলম, ইউসুফ আলী ও রোমান হোসেন শুভর বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ধর্ষণ ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে আতঙ্কিত ও প্রতারিত করছিল। গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে।