খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান, নথি সংগ্রহ ও তদন্ত শুরু
খুলনা জেলা পরিষদে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। গতকাল দুপুরে দুদকের একটি টিম খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাছলিমা আক্তারের কক্ষে একঘন্টার বেশি সময় অবস্থান করে।
দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, "জেলা পরিষদের প্রকল্পসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আগামীকাল আরও কিছু নথি সংগ্রহ করা হবে। সব তথ্য হাতে না পাওয়া পর্যন্ত পূর্ণ মন্তব্য দেওয়া যাচ্ছে না।"
প্রসঙ্গত, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী তাছলিমা আক্তার। অভিযোগ রয়েছে, সরকারি বাসা মেরামত, কনডেমড বাসায় বিধিবহির্ভূত সংস্কার, সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করেছেন তিনি।
জেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সামান্য প্রশাসনিক প্রশ্ন করলে শোকজ নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনিক নিয়ম ও প্রকল্প অনুমোদনে স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে।
তাছলিমা আক্তার অভিযোগের বিষয়ে বলেন, “দাপ্তরিক ত্রুটির কারণে শোকজ করা হয়েছে। সব প্রকল্প নিয়ম মেনে অনুমোদন দেওয়া হয়েছে। বদলীর আদেশ ছিল, তবে বর্তমানে আমি খুলনা জেলা পরিষদে কর্মরত আছি।”
দুদকের এই অভিযান নিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ দিনের অভিযোগ ও প্রশাসনিক অনিয়মের পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।