টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে কঠোর অবস্থান নিয়েছে কালিহাতী উপজেলা প্রশাসন। সরকারের নির্দেশনার আলোকে এখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, কালিহাতী উপজেলাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান কালিহাতী এলাকায় চলমান থাকবে। যারা মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত, তাদের অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এই লড়াই শুধু প্রশাসন বা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সিভিল সোসাইটির সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপন না করে সরাসরি প্রশাসনকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়ন হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে। তরুণ সমাজকে রক্ষা করতে এই উদ্যোগকে সময়োপযোগী বলেও মন্তব্য করেছেন অনেকে।