কলাপাড়া প্রতিনিধি।
বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াসহ পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর কলাপাড়ায় সেই শিক্ষকের বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষনা করেছে সরকার। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে দেশীয় ও পরিযায়ী পাখির কলোনী নামের একটি সাইনবোর্ড সাটিয়ে বাড়িটির নাম করন করা হয় 'বিহঙ্গ বিলাস'।
এসময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপদ আশ্রয় ও পরম মমতার কারনে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাড়িতে বাসা বানিয়ে বসবাস করছে হাজারো পাখ-পাখালি। প্রতিনিয়ত সাদা বক,কালো বক, পান-কৌঁড়ি আর বাদুরের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে বাড়িটি। পাখির এ অবাসস্থল নিয়ে গত বছরের সেপ্টেম্বরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর এমন পদক্ষেপ নেয় সরকার।