মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ
চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় গাড়ির চালক নাজমুল হক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
শনিবার সকালে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজারসংলগ্ন সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িটিকে থামানো হয়। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা একটি লোহার চেম্বার পাওয়া যায়। সেই গোপন চেম্বারের ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় রাখা ছিল ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা। তিনি মো. বেলাল হোসেনের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, “মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে ইয়াবা পরিবহন করছে। তবে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও আটক চালককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে কক্সবাজার থেকে ইয়াবা পাচার ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। র্যাবের দাবি, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।