চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্য প্রার্থীদের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন, “উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আধুনিক হিমাগার স্থাপন করে সারা বছর আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করা হবে। এর মাধ্যমে দেশের পাশাপাশি বিশ্ববাজারে চাঁপাইনবাবগঞ্জকে পরিচিত করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “১২ তারিখে দুটি ভোট দিতে হবে। একটি ভোট পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখানোর জন্য এবং আরেকটি ভোট নতুন ব্যবস্থাপনাকে স্বাগত জানানোর জন্য। আর হ্যাঁ ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে।”
ডা. শফিকুর রহমান প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশে বলেন, “প্রয়োজনে জীবন দেব, কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটিও দেব না। দেশকে নিয়ে ষড়যন্ত্র করে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা দমন করা যাবে না। জনগণ জেগে উঠেছে, আর এই জাগরণই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান।
বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার গঠনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। সরকার গঠন করতে পারলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি বৈষম্যহীন সমাজ গঠন, নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সব নাগরিকের অধিকার নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
প্রতিবেদন:
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি