মেহেদী হাসান আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ার গাজীরচট রশিদ মার্কেট এলাকার মুন্সিপাড়ায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মোছাঃ ইলমা আক্তার (২৪)। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেংরি গ্রামের মৃত ইসমাইলের মেয়ে। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয় টাঙ্গাইলের মধুপুর থানার আশরা গ্রামের মোঃ আলতাবের ছেলে হান্নানের সঙ্গে। তাদের সংসারে মোছাঃ হাফসা (৪) নামের একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টিকটকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে টাকা আয়ের আশায় প্রবেশ করেন ইলমা আক্তার। তবে অনলাইন প্রতারকের ফাঁদে পড়ে তিনি ৫০০ টাকা হারান। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়।
নিহতের দেবর মোঃ আব্দুল মান্নান জানান, দীর্ঘ ১০ বছরের সংসার জীবনে তাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া বা বিরোধ ছিল না। তবে ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী তার গালে চড় মারেন বলে তিনি দাবি করেন। এরপর তিনি নিজ কর্মস্থল গার্মেন্টসে চলে যান। বিকেল আনুমানিক ৪টার দিকে ফোনে তাকে জানানো হয় যে তার ভাবি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আফজাল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।