নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার অগ্রগতি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণ এবং গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষাব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদারের পরিচালনায় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আবুল ফতেহ ফাত্তাহ, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হাই, যুক্তরাজ্য কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল।
এছাড়া উপস্থিত ছিলেন আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি হাজী সুহুল আমিন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর শাহ মুস্তাকিম আলী প্রিন্স, হাজী শাহ নুর মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সাইদুর রহমান, সাংবাদিক এম এ আহমদ আজাদ, এস আর চৌধুরী সেলিম, মুরাদ আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে দূর করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার মান ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় আসন্ন গভর্নিং বডি নির্বাচন নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়। প্রতিষ্ঠানের স্বার্থ, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়নকে গুরুত্ব দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিরাও প্রতিষ্ঠানের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শিক্ষার অগ্রগতি অব্যাহত রাখা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়